আড়াইহাজারে মাদক মামলায় যুবকের তিন মাসের কারাদণ্ড
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কাউছার (৩২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ১(১৬) উপধারায় তাকে এ সাজা দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত কাউছার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইমরান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাউছারকে এ দণ্ড দেওয়া হয়েছে।





































