১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৩৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে” এই প্রত্যয়কে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পরিবেশবান্ধব বৃক্ষ উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা অডিটোরিয়াম হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন। তবে এ সাফল্যই শেষ নয়। উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা শিক্ষার্থীদের স্বপ্নকে বড় করে দেখার আহ্বান জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। জীবনে নানা প্রতিবন্ধকতা এলেও লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে সাফল্যের জন্য কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমাহমুদ হাসান, বন্দর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল আহম্মেদ।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পরিবেশবান্ধব বৃক্ষ উপহার দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়