বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: সজিব
যুগে যুগে অনেক মেধাবী কবির আগমন ঘটলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্থান কেউ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্যকর্ম ও আদর্শ আরও ব্যাপকভাবে তুলে ধরতে শিক্ষক সমাজসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার (৩১ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাইরুল ইসলাম সজিব বলেন, “আমাদের শৈশব ও স্কুলজীবন শুরু হয়েছে কবি নজরুলের কবিতা ও গান দিয়ে। শিক্ষকরা তাঁর গান শুনিয়ে আমাদের উৎসাহিত করতেন। আজও কোনো কবিতা আবৃত্তি করতে গেলে প্রথমেই তাঁর সৃষ্টির কথাই মনে পড়ে।”
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির নেতা শাহজাহান মেম্বার এবং মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পী ও ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ও কবিতা পরিবেশন করেন। হারমোনিয়াম, তবলা ও অন্যান্য বাদ্যযন্ত্রের সমবেত সুরে মুখরিত হয়ে ওঠে অডিটোরিয়াম। অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।





































