লংমার্চের পথসভাস্থল পরিদর্শনে জামায়াত নেতারা
আগামী ৫ সেপ্টেম্বর ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের চিটাগাং রোড শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভার স্থান পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেতৃবৃন্দ পথসভাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন এবং নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ পথসভাস্থলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং লংমার্চ উপলক্ষে কর্মসূচির প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।





































