সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ইউএনও, সদস্য সচিব এমপিপুত্র
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী গঠিত এ কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে আহ্বায়ক এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ আল মাহমুদ সানি।
অফিস আদেশে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের ১০ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এ এডহক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক আসিফ আল জিনাত বলেন, সোনারগাঁয়ের খেলাধুলার গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি এলাকায় ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে কমিটি। পাশাপাশি ক্রিকেট-ফুটবলের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলারও প্রসারে উদ্যোগ নেওয়া হবে।
সদস্য সচিব খাইরুল ইসলাম সজিব বলেন, সোনারগাঁর স্থবির ক্রীড়াঙ্গনকে আধুনিক ও যুগোপযোগী প্ল্যাটফর্মে রূপান্তর করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, অতীতে অনেক প্রতিভাবান খেলোয়াড় যথাযথ সুযোগ পাননি। ভবিষ্যতে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্য ও উদীয়মান খেলোয়াড়দের মূল্যায়ন করা হবে। উপজেলা প্রশাসনের দিকনির্দেশনায় নিয়মিত টুর্নামেন্ট আয়োজন ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে কাজ করবে এ কমিটি।





































