এফবিসিসিআই প্রশাসক ফজলুল হককে মোরশেদ সারোয়ার সোহেলের অভিনন্দন
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে সাবেক বিকেএমইএ সভাপতি মো. ফজলুল হক নিয়োগ পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।
সোমবার এক শুভেচ্ছা বার্তায় মোরশেদ সারোয়ার সোহেল বলেন, দেশের তৈরি পোশাক শিল্প ও রপ্তানি খাতের বিকাশে মো. ফজলুল হকের অবদান অত্যন্ত প্রশংসনীয়। পোশাক ও রপ্তানি খাতে দীর্ঘদিনের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কে তাঁর গভীর অভিজ্ঞতা তাঁকে ব্যবসায়ী সমাজের একজন আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছে।
তিনি বলেন, বিকেএমইএ-এর সভাপতি হিসেবে দক্ষ ব্যবস্থাপনা ও ব্যবসাবান্ধব বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ফজলুল হক শিল্প উদ্যোক্তাদের আস্থা অর্জনের পাশাপাশি খাতটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মোরশেদ সারোয়ার সোহেল আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় দেশের ব্যবসা ও শিল্প খাতকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এমন সময়ে ফজলুল হকের মতো অভিজ্ঞ ও বিচক্ষণ নেতৃত্ব ব্যবসায়ী সমাজের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আশা প্রকাশ করেন, ফজলুল হকের নেতৃত্বে সরকার ও ব্যবসায়ী সমাজের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। পাশাপাশি বিনিয়োগ, শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এফবিসিসিআই আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
শুভেচ্ছা বার্তায় মোরশেদ সারোয়ার সোহেল মো. ফজলুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এফবিসিসিআই-এর প্রশাসক হিসেবে তাঁর সফল দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানান।





































