০৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪০, ৩ আগস্ট ২০২৬

হত্যা মামলার প্রধান আসামি নোবেল গ্রেপ্তার

হত্যা মামলার প্রধান আসামি নোবেল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যা মামলার বাদী বৃদ্ধ ফজলুল হক হত্যা মামলার প্রধান আসামি মো. নোবেল শেখ (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

সোমবার (৩ আগস্ট) র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ১৭ জুলাই শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হক (৬৫)-কে নোবেল শেখ ও তার সহযোগীরা বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই তিনি মারা যান।

নিহত ফজলুল হক জামালপুর জেরার মেলান্দহ উপজেলার হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব-১১।

র‌্যাব আরও জানায়, প্রায় এক বছর আগে ফজলুল হকের ছেলে ফারুক হত্যাকাণ্ডের শিকার হন। ওই হত্যা মামলার বাদী ছিলেন ফজলুল হক নিজেই। ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করার পর এবার তিনিও হত্যার শিকার হন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ২ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসও এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নোবেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার নোবেলের বাড়ি সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায়। তার বাবার নাম রমজান শেখ। তিনি নাসিকের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সামছুদ্দিন শেখের ভাতিজা। এ হত্যা মামলায় সামছুদ্দিন শেখও এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‌্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়