বন্দরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দরে সুরাইয়া ইসলাম কনা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগষ্ট) সকালে বন্দরের বারৈপাড়া রোড শহীদ মিনার-সংলগ্ন এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কনা স্থানীয় মিজানুর রহমানের মেয়ে।
নিহতের পরিবার জানায়, রোববার রাতে কনা নিজ কক্ষে ঘুমাতে যান। সোমবার সকালে বাসার গৃহকর্মী টগর বেগম তাকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের স্টেইনলেস স্টিলের কাপড় ঝোলানোর পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে খাটে শুইয়ে রাখেন।
খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম সকাল প্রায় ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সাইউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।





































