০৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ২০:৩০, ৩ আগস্ট ২০২৬

সদরের ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস’ উদ্যোগ

সদরের ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস’ উদ্যোগ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নিরাপদ, স্মার্ট ও টেকসই শিক্ষা পরিবেশ গড়ে তুলতে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ইন্টারেক্টিভ হোয়াইটবোর্ড বিতরণ ও স্থাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ, পানি সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সবুজায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ শিক্ষা এবং দুর্যোগ প্রস্তুতি জোরদারের মাধ্যমে বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাগুলোকে নিরাপদ, পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত, প্রযুক্তিনির্ভর এবং জলবায়ু-সহনশীল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এই কর্মসূচির আওতায় ইতোমধ্যে ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারেক্টিভ ডিজিটাল হোয়াইটবোর্ড স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, আধুনিক এ প্রযুক্তি শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্মার্ট, প্রযুক্তিবান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।

উপজেলা প্রশাসনের মতে, ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিনির্ভর শিক্ষণ-শেখার পরিবেশ সৃষ্টি করে শিক্ষার্থীদের বাস্তবমুখী ও উদ্ভাবনী শিক্ষায় উদ্বুদ্ধ করাই এর অন্যতম উদ্দেশ্য।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুধু অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সচেতন, দক্ষ ও দায়িত্বশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা। সে লক্ষ্যেই শিক্ষা ও পরিবেশকে সমন্বিত করে বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ের এ ধরনের উদ্যোগই বৈশ্বিক জলবায়ু চুক্তি বাস্তবায়নের অন্যতম চালিকাশক্তি। নিচ থেকে ওপরের ভিত্তিতে জলবায়ু অভিযোজন ব্যবস্থাকে শক্তিশালী করতে স্থানীয় প্রশাসনের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

সর্বশেষ

জনপ্রিয়