০৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৭, ৩ আগস্ট ২০২৬

আলেম সমাজ এখন বাংলাদেশের মূলধারার শক্তি: এমপি আল আমিন

আলেম সমাজ এখন বাংলাদেশের মূলধারার শক্তি: এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, আলেম সমাজ এখন বাংলাদেশের মূলধারার শক্তি। রাষ্ট্র, সমাজ ও জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে তাদের মতামত ও অংশগ্রহণকে আর উপেক্ষার সুযোগ নেই।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সাধারণ আলেম সমাজ আয়োজিত ‘আমারও কিছু বলার আছে’ শীর্ষক আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ এবং তাদের অবদান তুলে ধরার উদ্যোগ ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংকটময় সময়ে আলেম সমাজ সাহসিকতা, ত্যাগ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনকারীদের আত্মবিশ্বাস ও প্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলনের সময় আলেম সমাজের ভূমিকা প্রয়োজন হলেও আন্দোলন-পরবর্তী সময়ে তাদের মতামত ও রাষ্ট্রচিন্তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে জুলাই গণঅভ্যুত্থান সেই বাস্তবতা বদলে দিয়েছে। এখন আলেম সমাজ বাংলাদেশের মূলধারার শক্তি; রাষ্ট্র, সমাজ ও জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে তাদের মতামত ও অংশগ্রহণকে আর উপেক্ষা করার সুযোগ নেই।

সংসদ সদস্য আরও বলেন, আলেম সমাজের চিন্তা, আদর্শ ও রাষ্ট্রগঠনের দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। ন্যায়, সততা, সুশাসন ও সামাজিক দায়বদ্ধতার মতো বিষয়ে আলেম সমাজের ভূমিকা ও বক্তব্য জনপরিসরে আরও দৃশ্যমান হওয়া উচিত।

এ লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম, শহীদ মিনারসহ বিভিন্ন জাতীয় পরিসরে আলেম সমাজকে আরও সক্রিয়ভাবে নিজেদের ভাবনা তুলে ধরার আহ্বান জানান।

আব্দুল্লাহ আল আমিন বলেন, একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষার্থী, আলেম সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। সাধারণ আলেম সমাজের মতো উদ্যোগ জাতীয় সংলাপকে আরও সমৃদ্ধ করবে এবং ঐক্যবদ্ধ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়