আড়াইহাজারে জেলের জালে উঠল থানা থেকে লুট হওয়া পুলিশের শটগান
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার সময় জেলের জালে একটি শটগান উঠে এসেছে। পরে পুলিশ সেটি উদ্ধার করে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শটগান জালে উঠে আসে। বিষয়টি জানাজানি হলে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শটগানটি আড়াইহাজার থানা-পুলিশের। অস্ত্রটির বাট নম্বর ৬৫১।
পুলিশ জানিয়েছে, শর্টগানটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি। কীভাবে অস্ত্রটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।





































