০৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৬, ৩ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে আন্দোলন শুরু হলে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে: টিপু

নারায়ণগঞ্জে আন্দোলন শুরু হলে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে: টিপু

নারায়ণগঞ্জে ডিপিডিসির প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ রেখে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে এক ঘণ্টার সাক্ষাতের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নগরীর কিল্লারপুলে ডিপিডিসির প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সম্মেলন কক্ষে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট টিপু বলেন, মাঠপর্যায়ের সঠিক তথ্য প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে না। নারায়ণগঞ্জবাসী প্রিপেইড মিটার চায় না, তারা বিদ্যমান ডিজিটাল মিটারই রাখতে চায়। এই ইস্যুতে নারায়ণগঞ্জে আন্দোলন শুরু হলে তা সারাদেশে ছড়িয়ে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার সাক্ষাৎ চাই। তিনি যদি বলেন নারায়ণগঞ্জবাসীর দাবি অযৌক্তিক, তাহলে আমরা তা মেনে নেব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো প্রিপেইড মিটার বসানো যাবে না।”

মহানগর বিএনপির এই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের সমস্যা সমাধানে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। সেই দায়বদ্ধতা থেকেই তিনি জনগণের দাবির পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেন, ডিপিডিসি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বৈঠকে প্রিপেইড মিটারের যৌক্তিকতা তুলে ধরে উপস্থিত প্রতিনিধিদের সন্তুষ্ট করতে পারেননি।

ডিপিডিসি কর্তৃপক্ষকে সতর্ক করে টিপু বলেন, “আমরা সংঘাত চাই না, আলোচনার মাধ্যমে সমাধান চাই। আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। এর আগে কোনো বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন করা হলে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার ডিপিডিসি কর্তৃপক্ষকেই নিতে হবে।”

বৈঠক ও পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিনসহ স্থানীয় প্রতিনিধিরা।

সর্বশেষ

জনপ্রিয়