আওয়ামী লীগকে শেল্টার, নজরদারিতে বিএনপি নেতারা
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের ব্যবসা-বাণিজ্য দেখাশোনার অভিযোগে বিএনপির একাংশের নেতাদের ওপর নজরদারি বাড়িয়েছে দলটি। তাদের কর্মকাণ্ড ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোও তাদের নজরদারিতে রেখেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত কয়েক মাসে এসব নেতার কর্মকাণ্ড ও যোগাযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে।
চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নারায়ণগঞ্জে দলটির যেসব নেতা-কর্মী ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন খাতের নিয়ন্ত্রণে ছিলেন, তাদের একটি অংশের সঙ্গে যোগাযোগ রেখে চলার অভিযোগ উঠেছে বিএনপির একাংশের নেতা-কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমঝোতা করে হাট-বাজার, পরিবহন ও পোশাক কারখানার ঝুট ব্যবসাসহ বিভিন্ন খাতে নিজেদের অবস্থান শক্ত করেছেন তারা। এসব খাত থেকে আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাদেরও ভাগ দেওয়া হচ্ছে বলে আলোচনা রয়েছে।
শহরে হত্যা, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত ওসমান পরিবারের সদস্যদের সঙ্গে অতীতে ঘনিষ্ঠতা বজায় রাখা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধেও সেই সম্পর্ক অব্যাহত রাখার অভিযোগ রয়েছে। এমনকি, গণঅভ্যুত্থানের পর ওসমান পরিবারের সদস্যরা আত্মগোপনে থাকলেও তাদের কেউ কেউ আশ্রয় পেয়েছেন বিএনপির ওই নেতাদের কাছ থেকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর নারায়ণগঞ্জে এ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন ও গোপালগঞ্জের সহিংস ঘটনার পর আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে থাকা বিএনপি নেতাদের বিষয়ে দলটি সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তাছাড়া, গত কয়েকমাসে নারায়ণগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনায় বিষয়টি আরো গুরুত্ব দিয়ে দেখছে সরকার ও সরকারি দল বিএনপি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় উত্তাল ছিল রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জ। বিশেষ করে ওসমান পরিবারের দীর্ঘদিনের প্রভাব ও আধিপত্যের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন শহরের মানুষ। সরকার পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাদের ঘনিষ্ঠজনেরা নারায়ণগঞ্জ ছেড়ে আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ দেশ ছাড়তে সক্ষম হন, অন্যরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তবে কয়েক মাস পর তাদের কেউ কেউ আবার শহরে ফিরতে শুরু করেন।
এই পরিস্থিতিতে ওসমান পরিবারের ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির একাংশের নেতাদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসতে থাকে। একাধিক সভায় বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা অভিযোগ করেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের ব্যবসা-বাণিজ্য দেখাশোনা করছেন বিএনপির কয়েকজন নেতা। তাদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও সহিংসতার একাধিক মামলায় অভিযুক্ত সেলিম ওসমান ফতুল্লায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে অফিস করলেও তাকে আইনের আওতায় না আনার পেছনে ওই বিএনপি নেতাদের ভূমিকা রয়েছে।
সম্প্রতি এক বক্তব্যে জামায়াতে ইসলামের মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “এখানে সেলিম ওসমান অফিস করে। নারায়ণগঞ্জে তারা আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছে।
এইসব গোয়েন্দা তথ্য নিয়ে ব্যবস্থা নিতে হবে।”
বিএনপির নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তিনি আরো বলেন, “ধানাই-পানাই বাদ দিয়ে অবিলম্বে কার্যকর ভূমিকা নিতে হবে।”
এমনকি, বিএনপির স্থানীয় একজন সংসদ সদস্য ওসমান পরিবারের ব্যবসা-বাণিজ্য দেখাশোনার দায়িত্ব নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। দেশ ছেড়ে যাওয়া নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের কাছেও ব্যবসার ভাগের টাকা পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।
ওসমান পরিবারের ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন খাতের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির একাংশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অবশ্য নতুন নয়। গত জুলাই মাসে ত্বকী হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক আলোক-প্রজ্বালন কর্মসূচিতে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি অভিযোগ করেন, ওসমান পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠান এখন বিএনপির কয়েকজন নেতা পরিচালনা করছেন।
সেখান থেকে পাওয়া অর্থ বিদেশে থাকা হত্যাকারীদের কাছে পাঠানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রফিউর রাব্বি বলেন, “ওসমান পরিবারের ব্যবসা-প্রতিষ্ঠান এখন বিএনপির কতিপয় লোকেরা পরিচালনা করছে, তারা সে টাকা বিদেশে ঘাতকদের পাঠাচ্ছে। ঘাতকরা টাকা দিয়ে দেশে স্বৈরাচারের পক্ষে মিছিল করাচ্ছে। ওসমান পরিবারের লুটপাটের, চাদাবাজির সকল ক্ষেত্র এখন বিএনপির দখলে। তারা দেদারসে পরিবহন, হাটবাজার, ঘাট, বিভিন্ন স্ট্যান্ড- সমস্তকিছু থেকে চাদা নিচ্ছে। প্রশাসন-পুলিশ জানলেও কোন ব্যবস্থা নেই।”
এর আগে ও পরে বিভিন্ন বক্তব্যেও আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং তাদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন রফিউর রাব্বি। এসব কর্মকাণ্ড বন্ধে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন তিনি।
ওসমান পরিবারের প্রভাব ও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ত্বকী হত্যার বিচার না হওয়ার বিষয়টিও সামনে এনেছেন রফিউর রাব্বি। তার অভিযোগ, মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দীর্ঘদিন আটকে রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাতে ওসমান পরিবারের সদস্যরা রক্ষা পান।
গত ৮ অক্টোবর এক কর্মসূচিতে রফিউর রাব্বি বলেন, “আমরা সাড়ে ১৩ বছরের বেশি সময় ধরে ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি। শেখ হাসিনার শাসনামলে তার দলের ঘাতকদের রক্ষা করতে সাড়ে ১১ বছর এ বিচার বন্ধ রাখা হয়েছিল। নারায়ণগঞ্জে ওসমান পরিবার যে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছিল, তা পরিচালিত হতো তৎকালীন সরকারের সরাসরি মদদে।”
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর ওসমান পরিবারের সদস্যরা আত্মগোপনে গেলেও তাদের পুরোনো সহযোগীরা এখনো সক্রিয়। ওসমান পরিবারের ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান রক্ষার পাশাপাশি ত্বকী হত্যার বিচার বিলম্বিত করার পেছনেও তাদের ভূমিকা রয়েছে।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করেও আওয়ামী লীগ নেতাদের তৎপরতা ও তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।
টানা দুই দিন শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই আন্দোলনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উসকানি দেওয়ার অভিযোগ তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে আন্দোলন ঘিরে এমন পরিস্থিতি তৈরির পেছনে আওয়ামী লীগের লোকজনকে বিএনপির একাংশের নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়াকেও দায়ী করছেন কেউ কেউ।
আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শ্রমিকের ভাষ্য, তারা ন্যায্য মজুরির দাবিতেই আন্দোলন করেছেন। সেখানে ষড়যন্ত্রের উদ্দেশ্যে আওয়ামী লীগের কেউ উসকানি দিয়ে থাকতে পারেন। তবে তাদের প্রশ্ন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় সক্রিয় থাকার সুযোগ পাচ্ছেন কীভাবে? তাদের অভিযোগ, বিএনপির কিছু নেতা তাঁদের আশ্রয় দিচ্ছেন এবং বিভিন্ন খাতে সমঝোতা করে চলছেন।
সব মিলিয়ে গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য, প্রভাব ও যোগাযোগের নেটওয়ার্ক কতটা ভেঙেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে এসব নেতার সঙ্গে বিএনপির একাংশের সম্পর্ক এবং ব্যবসায়িক সমঝোতার অভিযোগও দলটির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে অভিযুক্ত নেতাদের কর্মকাণ্ডের ওপর দলীয় ও সরকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর কথা জানা যাচ্ছে।





































