২১ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৮, ২০ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সতর্ক প্রশাসন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সতর্ক প্রশাসন
ফাইল ছবি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের টানা কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। জেলায় বড় ধরনের নাশকতার আশঙ্কা না থাকলেও সম্ভাব্য হামলা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক-মহাসড়ক ও বিভিন্ন এলাকায় নজরদারি এবং টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি তেলের ডিপোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গত কয়েক দিনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব কর্মসূচির প্রচার চলছে। এর মধ্যে জেলার বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। গত বুধবার এক রাতেই জেলার অন্তত চারটি স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির মধ্যে রূপগঞ্জের গোলাকান্দাইলে নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির অদূরে একটি বাসডিপোর সামনে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে একটি বাসে আগুন দেওয়া হয়। এ ছাড়া জালকুড়ি ও ফতুল্লার চাঁদমারী এলাকায় একাধিক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোরে কাঁচপুর এলাকাতেও আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। সোনারগাঁয়ে একটি ট্রাকে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। তার আগে, মাসদাইরে বিএনপির একটি স্থানীয় কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা বা কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি তেলের ডিপো রয়েছে। এ ছাড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বড় একটি অংশ এ জেলার ওপর দিয়ে গেছে। এসব মহাসড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক পণ্যবাহী যান চলাচল করে। ফলে স্থাপনাগুলোর পাশাপাশি সড়কপথে যানবাহনের নিরাপত্তা নিয়েও সতর্ক রয়েছে প্রশাসন।

তবে জেলায় বড় ধরনের নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে 'তেমন কোনো থ্রেটের সম্ভাবনা' তাঁরা দেখছেন না। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। সড়ক-মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিজস্ব নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর জন্যও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

তিনি বলেন, “আমরা তেলের ডিপোগুলোতে কথা বলেছি। তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। সেখানে আনসার সদস্যরা কাজ করেন। আমাদের গোয়েন্দা নজরদারিও রয়েছে। তাছাড়া, আমাদের টহল পার্টিও বাড়ানো হয়েছে। মোবাইল টিমগুলো বিভিন্ন জায়গায় কাজ করছেন।”

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং এসব ঘটনায় করা মামলার আসামিদের গ্রেপ্তারেও নিয়মিত অভিযান চলছে বলে জানান তারেক আল মেহেদী। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়