ত্বকী হত্যার বিচারের প্রশ্নে সব সরকারের মধ্যে অলিখিত ঐক্য রয়েছে: আনু মুহাম্মদ
অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘আমরা দেখছি, সব সরকারই দুর্বৃত্ত তোষণ নীতি অবলম্বন করে। সরকারদলীয় লোকদের মুখে সব সময় শুনি, আইন তার নিজস্ব গতিতে চলে। কিন্তু সত্য হচ্ছে, আইন কখনোই নিজ গতিতে চলে না, সরকারের ইচ্ছেমাফিক চলে। আর তাই ত্বকী হত্যার বিচার যেমন হয় না, তেমনি সাগর-রুনি, তনু, মুনিয়া হত্যার বিচার হয় না।’
তিনি আরও বলেন, ‘অবাক করা বিষয় হচ্ছে, ত্বকী হত্যার বিচারের প্রশ্নে সব সরকারের মধ্যে যেন অলিখিত ঐক্য রয়েছে, মিল রয়েছে। এটি রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ বার্তা।’
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে এবং ভবানী শংকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, লেখক ও গবেষক মফিদুল হক, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, মানবাধিকারকর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ এবং প্রতিযোগিতার আহ্বায়ক জাহিদুল হক দীপু।
অনুষ্ঠানে সুলতানা কামাল বলেন, ‘ত্বকী হত্যার বিচারের সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের মানবিক চরিত্রের প্রশ্ন। যারা বাংলাদেশবিরোধী, তারা ত্বকীকে ঠিক চিনেছে। ত্বকী তাদের ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু আমরা যারা বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই, তারা দ্বিধায় রয়েছি, কোন বাংলাদেশ আমরা চাই, দেশটা সকল মানুষের হবে নাকি কতিপয় মানুষের হবে।’
তিনি আরও বলেন, ‘বারবার আমাদের মানুষকে বিভক্ত করা হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে। ঐক্য ছাড়া পরিবর্তন আনা যাবে না। আমরা যে সমাজ চেয়েছিলাম, তা হয়নি। সরকার বদলালেও রাষ্ট্রের চরিত্র বদলায়নি।’
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘ত্বকীকে নিয়ে যে আন্দোলন গড়ে উঠেছে, তা দুর্বৃত্তের বিরুদ্ধে, অপশাসন ও বিচারহীনতার বিরুদ্ধে। এটি আমাদের আশাবাদী করে। এ আন্দোলন নারায়ণগঞ্জে যেভাবে শক্তি জোগাচ্ছে, তা সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’
অনুষ্ঠানের সভাপতি রফিউর রাব্বি বলেন, ‘বাংলাদেশে বিচারহীনতার অপসংস্কৃতির অবসান হয়নি। সরকার বদল হলেও বিচারব্যবস্থা বদলায়নি। শেখ হাসিনার ধ্বংস করে রেখে যাওয়া বিচারব্যবস্থায় পরিবর্তন আসেনি। গত সাড়ে ১৩ বছরে আদালতে ত্বকী হত্যার বিচারের ১০৭টি ধার্য তারিখ অতিবাহিত হয়েছে, কিন্তু অভিযোগপত্র আদালতে জমা পড়েনি।’
তিনি আরও বলেন, ‘একটি দেশ কতটা সভ্য ও মানবিক, তার মানদণ্ড ধরা হয় সে দেশের বিচারব্যবস্থাকে। চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যের অবসান, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। কিন্তু রাষ্ট্র ক্রমাগত সে জায়গা থেকে দূরে সরে যাচ্ছে।’
অনুষ্ঠানে ত্বকীকে নিয়ে লেখা রচনায় ‘ত্বকী পদক’ পাওয়া বিজয়ী অশেষ লস্কর ও নুসাইবা বিনতে সাহেদ বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন তানভীর মুহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় রচনা ও চিত্রাঙ্কন উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে ‘ত্বকী’ নামে একটি স্মারক প্রকাশ করা হয়েছে।





































