প্রতি শুক্রবার ৩০ টাকায় চাল পাচ্ছেন ৫ হাজার পোশাকশ্রমিক
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে কিছুটা সাশ্রয় পেতে নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৩০ টাকা কেজি দরে ১০ কেজি করে চাল পাচ্ছেন পাঁচ হাজার পোশাকশ্রমিক। সরকারের বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় জেলার ১০টি স্থানে ট্রাকে করে এসব চাল বিক্রি করা হচ্ছে। তবে চালের পাশাপাশি তেল, ডাল, আটা ও চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যও কম দামে বিক্রির দাবি জানিয়েছেন শ্রমিকেরা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন বিক্রয়কেন্দ্রে শ্রমিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল কিনতে দেখা যায়। গার্মেন্টস কার্ড দেখিয়ে তাঁরা চাল সংগ্রহ করেন। একজন শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
শ্রমিকেরা জানান, বাজারে নিত্যপণ্যের দাম বেশি থাকায় ৩০ টাকা কেজি দরে চাল কিনতে পেরে তাঁরা কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে শুধু চাল নয়, এর সঙ্গে ডাল, তেল, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও কম দামে দেওয়া হলে তাঁদের সংসারের খরচ সামলানো সহজ হতো। সারা দিন কারখানায় পরিশ্রমের পর সংসারের ব্যয় মেটাতে যে টানাপোড়েন হয়, তাও কিছুটা কমত।
সরেজমিনে দেখা যায়, ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জসহ জেলার ১০টি স্থানে খোলা ট্রাকে চাল বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৫০ টন চাল বিক্রির জন্য বরাদ্দ রয়েছে। প্রতি কেজি চালের দাম রাখা হচ্ছে ৩০ টাকা।
জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষামূলকভাবে তিন মাসের জন্য এ কর্মসূচি চালু করা হয়েছে। শুক্রবার দ্বিতীয় দিনের মতো চাল বিক্রি হচ্ছে। কর্মসূচিতে শ্রমিকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার নারায়ণগঞ্জের ১০টি ট্রাকে মোট ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। একজন শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।





































