তাকওয়া অর্জনের মাধ্যমে নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে: আবদুল জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেছেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে দায়িত্ব পালনের উপযোগী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা, তাকওয়া অর্জন এবং নিজ নিজ পেশায় দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরে মহানগরীর ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের সক্রিয় কর্মীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। দলটি বর্তমানে প্রধান বিরোধী দল উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের প্রতিটি স্তরে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব পালনের প্রস্তুতি নিতে হবে। এ লক্ষ্যে পেশাজীবীদের আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি ও ভালো মুসলমান হওয়ার পাশাপাশি নিজ নিজ পেশায় সর্বোচ্চ মান অর্জন করতে হবে।
কর্মীদের আদর্শিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, "আমরা যেহেতু একটি আদর্শ লালন করি ইসলামী আদর্শ; তাই সাংগঠনিক পরিচয়ের কারণে জামায়াতে ইসলামীর কর্মী বললেও চূড়ান্তভাবে আমাদের পরিচয় আমরা ইসলামের পক্ষের কর্মী।"
ইসলামী আন্দোলনের কর্মীদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে গিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দেন তিনি। আবদুল জব্বার বলেন, যাঁদের নামাজ, কোরবানি, জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর জন্য এবং যাঁরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেদের জানমাল উৎসর্গ করতে প্রস্তুত, তাঁরাই প্রকৃত অর্থে ইসলামী আন্দোলনের কর্মী। এ ক্ষেত্রে শিরক ও ভ্রান্ত পথ পরিহার করে একনিষ্ঠভাবে ঈমানের ওপর অটল থাকার আহ্বান জানান তিনি।
সাংগঠনিক কার্যক্রমে কর্মীদের উপস্থিতি ও সক্রিয়তা নিয়েও কথা বলেন মহানগর জামায়াতের আমির। তিনি বলেন, "আজকে ৫০০ কর্মী আছে বলে শুনলাম। এখানে স্লট দেওয়া হয়েছে ২০০ জনের; এর মধ্যে সর্বোচ্চ ১২০ থেকে ১৩০ জন ভাই হাজির হতে পারেন। ৫০০ কর্মীর মধ্যে ৩০ জন যৌক্তিক কারণে অনুপস্থিত থাকলে তা বোঝা যায়, কিন্তু ৩৫০ জন কর্মী না আসলে সংগঠন কীভাবে স্বচালিত হলো?"
তিনি বলেন, কর্মী মানেই যিনি কাজ করেন এবং নিজ উদ্যোগে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। সংগঠনকে গতিশীল করতে প্রত্যেক কর্মীকে আরও দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে।
দিনব্যাপী সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এবং পূর্ব সাংগঠনিক থানার আমির হাবিবুর রহমান।
এ ছাড়া মহানগরীর ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের সক্রিয় কর্মীরা সম্মেলনে অংশ নেন। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং কর্মীদের দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।





































