০৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৫, ৮ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট সময় যোগসাজশে কারা কী ঘটিয়েছেন খবর আছে: এমপি আজাদ

ফ্যাসিস্ট সময় যোগসাজশে কারা কী ঘটিয়েছেন খবর আছে: এমপি আজাদ

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সময় কার কী যোগসাজশ ছিল, কে কীভাবে ঘটনা ঘটিয়েছে, তা কিন্তু খোঁজখবর আছে। কেউ আইনের আওতার বাইরে যেতে পারবেন না। কেউ উস্কানি দিয়ে, অর্থের যোগান দিয়ে দেশের পরিবেশ নষ্ট করবেন বলে চিন্তা করলে বলবো, এত সহজ না।”

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

তিনি আরো বলেন, “শ্রমিক অসন্তোষ মানে গার্মেন্টস শিল্পের অবস্থা খারাপ দিকে যাওয়া। এইটা দেশ, দেশের মানুষ, শ্রমিক, মালিক কিংবা রাজনীতিবিদ কারও জন্যই ভালো বার্তা নয়। আমরা যারা রাজনীতিবিদ তাদের শ্রমিক ও মালিক সকলকে নিয়েই চলতে হবে। সবকিছু মিলিয়ে আমরা সবাই সবার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা বাজে সিচুয়েশন তৈরি হলে তা কেবল সরকার নয়, ভুক্তভোগী হবো আমরা সবাই।”

“প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো সমালোচনা পছন্দ করেন না। বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কাজ করেন। শ্রমিক অসন্তোষ তৈরি হওয়ার সাথে সাথেই তিনি মজুরি কমিশন গঠন করেছেন। এটা নিয়ে কাজ চলছে, রেজাল্টও হয়ে যাচ্ছে।”

শ্রমিক অসন্তোষকে ঘিরে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে পাশে না পাওয়ার কথা জানিয়ে নজরুল ইসলাম বলেন, “সে খুব ভালো ছেলে।

হাস্যোজ্জ্বল। সংসদেও তার সঙ্গে দেখা হলে সুন্দর কথাবার্তা হয়। আল আমিন নিজেও যেহেতু এমপি, তাই এই (শ্রমিক) আন্দোলনে আমি তাকেও আশা করেছিলাম। যেহেতু তার নির্বাচনী এলাকায় আমি যাচ্ছি, সেখানে আমি তাকে সাথে পাবো, এই চিন্তা করেছিলাম। একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হলে সংসদ সদস্যরাও ভুক্তভোগী হন। আগামীতে তিনি নাইসলি ভূমিকা রাখবেন বলে আশা করি।

শ্রমিক আন্দোলনে ‘স্বাগত’ জানিয়ে এনসিপি মিছিল করেছে উল্লেখ করে তিনি বলেন, “আন্দোলন সমাধান নয়। বরং দেশের স্বার্থে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। একটা সুশৃঙ্খল নারায়ণগঞ্জ আমরা গড়তে চাই। সবাইকে সাথে নিয়ে।”

সভায় বিকেএমইএ’র নেতাদের অনুপস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এমপি বলেন, “এইখানে তাদের কেউ উপস্থিত থাকার দরকার ছিল। যে মেট্রো গার্মেন্টস নিয়ে এত আলোচনা, সেই মেট্রোর মালিক অমল সাহেব তো বিকেএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ওনার উপস্থিত থাকাটা গুরুত্বপূর্ণ ছিল।

সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়