০৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:০৫, ৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ট্যাংকে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ট্যাংকে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলবাহী একটি ট্যাংকলরির ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁকে উদ্ধার করতে গিয়ে অচেতন হয়ে পড়েন ম্যানেজার মো. ফারুক (৪২)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার সাউদ বাড়িসংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। রাতুল ওই এলাকার আমিজউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া কুদ্দুস আলীর ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী ট্যাংকলরিতে সহকারী হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, ট্যাংক পরীক্ষা করতে ভেতরে ঢুকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন রাতুল। তাঁকে উদ্ধারের জন্য ফারুক ট্যাংকের ভেতরে ঢুকলে তিনিও অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ রাতুলের বাড়িতে যান। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়