০৯ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১১, ৯ নভেম্বর ২০২৬

ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২

ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিন বান্ডিল তাস ও নগদ ১৬ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে ফতুল্লার ইসদাইর নতুন বাজার এলাকায় এ অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুস্তম ব্যান্ড (৫৮), মো. খোকন (৫০), মো. নান্টু (৪০), মো. শাহাদাৎ (৪০), আবদুস সাত্তার (৪০), মো. শরীফ (৩৩), স্বপন চক্রবর্তী (৪৫), মাকসুদ আলম পাপ্পু (৪৫), মো. ওলি মিয়া (৪২), মো. বিল্লাল হোসেন (৫৫), বাচ্চু মিয়া (৪৮) ও মো. মঞ্জিল হোসেন (৪৬)।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার জানান, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ৪ ও ১৫ ধারায় মামলাটি করা হয়েছে। গ্রেপ্তার ১২ জনের পাশাপাশি অভিযানের সময় পালিয়ে যাওয়া সাদেক (৪০), পলাশ (৪২) ও নজরুলসহ (৪৮) অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে মামলায় আসামি করা হয়েছে।

এসআই নন্দন চন্দ্র সরকার জানান, নতুন আইনে জুয়া খেলার অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। নতুন আইন কার্যকর হওয়ার পর জুয়ার আসর থেকে ১২ জনকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানায় করা এটিই প্রথম মামলা বলে জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়