০৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৮, ৮ নভেম্বর ২০২৬

আমির হিসেবে শপথ নিলেন আবদুল জব্বার ও মাসুদুর রহমান গিয়াস

আমির হিসেবে শপথ নিলেন আবদুল জব্বার ও মাসুদুর রহমান গিয়াস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার আমির হিসেবে ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য শপথ নিয়েছেন মাওলানা আবদুল জব্বার ও অধ্যক্ষ মোহাম্মদ মাসুদুর রহমান গিয়াস। এর মধ্যে মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হয়েছেন আবদুল জব্বার এবং জেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান গিয়াস।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকার আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ অঞ্চলের নবনির্বাচিত জেলা ও মহানগরী আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁরা শপথ নেন।

এর আগে সংগঠনের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আমির নির্বাচন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা আবদুল জব্বার। রুকনদের ভোটে পুনর্নির্বাচিত হওয়ায় আগামী সাংগঠনিক সেশনেও তিনি একই পদে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির পদে নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ মাসুদুর রহমান গিয়াস। গত সাংগঠনিক সেশনে জেলা আমিরের দায়িত্ব পালন করেন মুমিনুল হক। এবার তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মাসুদুর রহমান গিয়াস।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জের দুই আমির ছাড়াও ঢাকা জেলার মাওলানা দেলোয়ার হোসেন, নরসিংদী জেলার ইব্রাহিম ভূঁইয়া এবং মুন্সিগঞ্জ জেলার আজম রুহুল কুদ্দুস শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা দক্ষিণ অঞ্চল টিমের সদস্য অ্যাডভোকেট মশিউল আলম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত আমিরদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

নবনির্বাচিত দুই আমির আগামী ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতের নেতৃত্ব দেবেন।

সর্বশেষ

জনপ্রিয়