০৮ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৬, ৮ নভেম্বর ২০২৬

বন্দরে ১৮ মামলার আসামি ডাকাত দলের প্রধান আসলাম গ্রেপ্তার

বন্দরে ১৮ মামলার আসামি ডাকাত দলের প্রধান আসলাম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান হিসেবে পরিচিত মো. আসলামকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে বন্দর থানাসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই অভিযানে তাঁর সহযোগী মো. আলমগীরকেও (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসলাম বন্দরের মনারবাড়ী এলাকার মৃত আলী হোসেনের ছেলে। তাঁর সহযোগী আলমগীর নোয়াদ্দা এলাকার আবদুর রশিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) বিনয় বাড়ৈর নেতৃত্বে পুলিশের একটি দল আসলামকে গ্রেপ্তার করে। অন্যদিকে এসআই লুৎফর রহমানের নেতৃত্বে অপর একটি দল আলমগীরকে গ্রেপ্তার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ২০২৪ সালের ১ অক্টোবর বন্দর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় (মামলা নম্বর-২, জিআর নম্বর-৩০৪) দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় আসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, আসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৮টি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়