বাসভাড়া কমানোর দাবি জামায়াতের আবদুল জব্বারের
নারায়ণগঞ্জে গণপরিবহনের বাসভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার দাবি জানিয়েছেন মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাসভাড়া নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
মাওলানা আবদুল জব্বার বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এর মধ্যে সরকারিভাবে ভাড়া পুনর্নির্ধারণের আগেই কোনো কোনো ক্ষেত্রে পরিবহন মালিক ও শ্রমিকরা নিজেদের মতো করে বাসভাড়া বাড়িয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, নারায়ণগঞ্জের খেটে খাওয়া ও সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা এবং দৈনন্দিন যাতায়াতের বাস্তবতা বিবেচনায় নিয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে নিয়মিত প্রশাসনিক তদারকি এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান মহানগর জামায়াতের আমির।
আবদুল জব্বার বলেন, বাসভাড়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সাধারণ যাত্রীরা হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে যাত্রী হয়রানি বন্ধ এবং বাসভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।




































