০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২১, ৪ সেপ্টেম্বর ২০২৬

৩ সেপ্টেম্বর তারেক রহমানের মুক্তি ও এটিএম কামালের আমরণ অনশন

৩ সেপ্টেম্বর তারেক রহমানের মুক্তি ও এটিএম কামালের আমরণ অনশন

বর্তমান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০০৮ সালের কারামুক্তির দিনটি নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের কাছে আজও স্মরণীয়। তাঁর মুক্তির দাবিতে ২০০৮ সালে নারায়ণগঞ্জে ১২ দিন আমরণ অনশন করেছিলেন তৎকালীন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী।

১/১১-পরবর্তী সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ২০০৮ সালের ২১ আগস্ট শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আমরণ অনশন শুরু করেন তারা।

টানা ১২ দিন কর্মসূচি পালনের সময় কয়েক দফা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এটিএম কামাল। পরে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর স্থানীয় আলেম-ওলামা, বিএনপি নেতৃবৃন্দ, চারদলীয় ঐক্যজোটের নেতাকর্মী ও সাংবাদিকদের অনুরোধে তিনি অনশন স্থগিত করেন। তাঁর মা ও প্রবীণ মহিলা দল নেত্রী শাহানা খানমের হাতে ফলের রস পান করে তিনি অনশন ভঙ্গ করেন।

এর দুই দিন পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান তারেক রহমান। এরপর ১১ সেপ্টেম্বর মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তারেক রহমানের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত সেই ১২ দিনের আমরণ অনশন তৎকালীন সময়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিএনপির নেতাকর্মীদের কাছে এটিএম কামালের ওই কর্মসূচি দলীয় দুঃসময়ে তাঁর রাজনৈতিক অবস্থানের একটি স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত হয়ে আসছে।

সর্বশেষ

জনপ্রিয়