০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:২০, ৪ সেপ্টেম্বর ২০২৬

মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেপ্তার ৪

মাদক ব্যবসার আধিপত্য নিয়ে রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও অস্ত্রের মহড়ার ঘটনায় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রাত পৌনে ৯টার দিকে রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)।

পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ গ্রুপ ও নবী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারা প্রায়ই অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ছিল। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুই গ্রুপ অস্ত্রের মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নবী গ্রুপের চার সদস্যকে একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারদের শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার।

সর্বশেষ

জনপ্রিয়