০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫৭, ৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:০৪, ৪ সেপ্টেম্বর ২০২৬

এনায়েতনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাম্প স্থাপন

এনায়েতনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাম্প স্থাপন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের আমতলা, মুসলিমনগর ও শাসনগাঁও এলাকার একাংশের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পানি অপসারণের জন্য বৈদ্যুতিক পাম্প স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় দুটি বৈদ্যুতিক পাম্প স্থাপন করা হয়। পাম্পের মাধ্যমে জলাবদ্ধ এলাকার পানি অপসারণের কাজ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এনায়েতনগর ইউনিয়নের আমতলা জেলেপাড়া এলাকায় কয়েক বছর ধরে জলাবদ্ধতা রয়েছে। এতে প্রায় ২০০ থেকে ২৫০টি পরিবার দুর্ভোগে পড়েছে। অনেক বাড়ির নিচতলা দীর্ঘদিন ধরে পানিতে নিমজ্জিত থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কোনো কোনো বাড়ি পরিত্যক্ত হয়ে পড়েছে বলেও জানান স্থানীয়রা।

পাম্প স্থাপন কার্যক্রমের পর জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার বলেন, আমতলা জেলেপাড়া এলাকার মানুষ প্রায় তিন থেকে চার বছর ধরে জলাবদ্ধতার মধ্যে বসবাস করছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছিল। পরে সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের সহযোগিতায় পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, পানি অপসারণের জন্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে। সেই অর্থ দিয়ে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি অপসারণের কাজ শুরু করা হয়েছে।

যুবাইর আহমেদ সরদার বলেন, এলাকার প্রায় ৭০ থেকে ৮০টি বাড়ি বর্তমানে পানিতে নিমজ্জিত রয়েছে। কিছু বাড়ি দীর্ঘদিন ধরে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। পানি অপসারণের ফলে প্রায় তিন থেকে চার হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জলাবদ্ধতার কারণে শুধু বসতবাড়ি নয়, আশপাশের সড়ক ও রাস্তাগুলোও পানিতে তলিয়ে থাকে। রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা মৃত ব্যক্তিকে দাফনের জন্য নিয়ে যাওয়ার ক্ষেত্রেও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়।

যুবাইর আহমেদ সরদার জানান, বর্তমানে পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি নেমে যাওয়ার পর স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাকিব, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনোয়ারা বেগম লিপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ

জনপ্রিয়