ইসলামি আন্দোলন নেতা বুলবুল হত্যার নিন্দা মহানগর জামায়াতের
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুলকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।
শুক্রবার (২১ আগস্ট) সকালে এক প্রেস বিবৃতিতে এ প্রতিবাদ জানান সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
বিবৃতিতে তিনি বলেন, প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একজন সামাজিক ও রাজনৈতিক সংগঠককে হত্যা চরম বর্বরতার বহিঃপ্রকাশ। নারায়ণগঞ্জের বন্দর এলাকা চিহ্নিত অপরাধী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এ ধরনের নৃশংস ঘটনা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ।
মাওলানা আবদুল জব্বার বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া যাবে না। চিহ্নিত খুনি ও তাদের নেপথ্যে থাকা মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, অন্যথায় নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিবৃতিতে নিহত মুজাহিদুল ইসলাম বুলবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে কালক্ষেপণ না করে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করা হয়।





































