১৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে আশার মোটরসাইকেল শোডাউন
নারায়ণগঞ্জে ১৫ আগস্টকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধের বার্তা দিয়ে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ শহরে নেতাকর্মীদের নিয়ে এ শোডাউন করেন তিনি। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শোডাউনকালে আবুল কাউসার আশা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কথিত নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘সারা দেশব্যাপী নৈরাজ্যের পাঁয়তারা চলছে। বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন। তারা জানমালের ক্ষতি করার চেষ্টা করছেন। আমরা এটা প্রতিহত করার জন্য বন্দর থানা ও সদর থানা পুলিশের পাশাপাশি জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি।’
তিনি আরও বলেন, ‘যেকোনো ধরনের নৈরাজ্য কিংবা জনগণের জানমালের যেন ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে আমরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাব।’
শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।





































