জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ লাঘবে কাজ করার প্রতিশ্রুতি এমপি আল আমিনের
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাসসহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে জনগণের পাশে থেকে কাজ করতে চান তিনি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নাগরিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) কোতালেরবাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় মসজিদের পানির সমস্যা সমাধানে একটি সাবমার্সিবল পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান সংসদ সদস্য। পাশাপাশি এলাকার জলাবদ্ধতা ও নাগরিক অসুবিধার কথা শুনে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আব্দুল্লাহ আল আমিন।
তিনি বলেন, এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে জনগণের কথা সরাসরি শুনতে হবে। মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।
জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন সংসদ সদস্য। পরে তিনি এলাকার কয়েকটি স্থানে গিয়ে নাগরিক অসুবিধা সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয়দের কাছ থেকে সমস্যাগুলোর বিষয়ে খোঁজ নেন।





































