রূপগঞ্জে সীমানা বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দেবরসহ তার সহযোগীদের বিরুদ্ধে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের দেবর, তার স্ত্রী ও মেয়ের জামাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম ওই এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।
গ্রেপ্তাররা হলেন নিহতের দেবর আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া।
নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আমলাবো এলাকায় বাবুল মীর নিজের জমিতে একটি ভবন নির্মাণ করছিলেন। ভবন নির্মাণের সময় জমির সীমানা নিয়ে তার আপন ভাই আলাল মিয়া বাধা দিয়ে আসছিলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল।
ওসি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে দেবর আলাল মিয়ার তর্ক-বিতর্ক ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আলাল মিয়া, জোসনা বেগম, শাকিল মিয়াসহ ৫-৬ জন নাসিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে মুমূর্ষু অবস্থায় নাসিমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আলাল মিয়া, তার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তার তিন আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।





































