জুলাইয়ের প্রত্যাশা পূরণে যুবকদের ইসলামী আদর্শে গড়ে তুলতে হবে: জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, “একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে।”
বুধবার (১২ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুরে দলটির জেলা শাখার যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।
মাওলানা আবদুল জব্বার বলেন, “পৃথিবীর যেকোনো পরিবর্তন এবং উত্থান পতনে যুবকরাই মূল ভূমিকা পালন করে। চব্বিশের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিলো সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ উপহার পাবে জাতি, কিন্তু দেশ যেন পুরাতন ধারায়ই চলছে।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদেরকে ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে।”





































