কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দ্রুত কার্যকরের দাবি সিরাজুল মামুন
নারায়ণগঞ্জে কওমি মাদ্রাসার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুধু আশ্বাস বা কাগজে সীমাবদ্ধ না রেখে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
তিনি বলেন, কওমি সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ছাত্র মজলিস ঘোষিত ১৩ দফা দাবি পূরণ করা এখন সময়ের অপরিহার্য তাগিদ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম সিরাজুল মামুন বলেন, জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের মাধ্যমেই একটি নৈতিক সমাজ গঠন সম্ভব। ছাত্রসমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ চরিত্র গঠন করতে হবে। দেশ ও জাতির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, কওমি মাদ্রাসার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কেবল আশ্বাস বা কাগজে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি দ্রুত কার্যকর করে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। একটি সুশিক্ষিত, নৈতিক ও সুসংগঠিত ছাত্রসমাজই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে সন্ত্রাসী কার্যক্রমের আস্ফালন দেখা যাচ্ছে উল্লেখ করে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন সিরাজুল মামুন। তিনি এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া গোলটেবিল বৈঠকে সংগঠনের কেন্দ্র ঘোষিত ১৩ দফা শিক্ষাদাবির ধারণাপত্র উপস্থাপন করেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন তৌহিদ।
মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সালেহ আহমদ, সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক ও খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি অধ্যাপক শাহ আলম, ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর উলামা পরিষদের সভাপতি মুফতি মামুন ফেরদাউস, লেখক মাওলানা আমিনুর রহমান নড়াইলি, ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ, সাবেক মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, জেলা সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ, মুহাম্মদ নাঈম ইসলাম, জাতীয় নাগরিক পার্টি জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, জাতীয় ছাত্রশক্তি জেলার আহ্বায়ক মুহাম্মদ মাহফুজ খান, ইসলামী ছাত্রশিবির মহানগরের অফিস সম্পাদক রায়হান বিন রফিক, উপস্থাপক ভাবুক মুহিব ইমতিয়াজ, খেলাফত মজলিস ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান এবং সিরাজুল উলুম আদর্শ নগর মাদ্রাসার মুদাররিস মুফতি আবু রায়হান।
এ ছাড়া উপস্থিত ছিলেন শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম নাঈম, সেক্রেটারি আবু হুরায়রা, সরকারি তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, বক্সনগর শাখার বায়তুলমাল সম্পাদক জাওয়াদুল ইসলাম, নাজিম হাসান, মেহরাফ হাসান আসিফ ও সাইয়্যেদাইন আহমদসহ অনেকে।





































