সোনারগাঁয়ে ঈদগাহের জমি দখল ও লিজের প্রতিবাদে মানববন্ধন
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নে ঐতিহ্যবাহী ‘আল-মানার ঈদগাহ’-এর ৩৬ শতাংশ জমি দখল, লিজ ও নানা চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে মামরকপুর, আনন্দবাজার, মোবারকপুর, দক্ষিণ খংসারদী, টেঙ্গারচর, উত্তর খংসারদী, বসনদরদী, মোল্লাবাড়ী, নগরপুর ও খংসারণীসহ আশপাশের ১২টি গ্রামের মানুষের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুগের পর যুগ ধরে ওই জায়গায় এলাকার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে আসছেন। কিন্তু একটি প্রভাবশালী চক্র ঈদগাহের জমি দখলের পাঁয়তারা করছে। তারা ঈদগাহের জমি রক্ষা এবং সরকারি ব্যবস্থাপনায় স্থায়ী বন্দোবস্তের দাবি জানান।
ঈদগাহ কমিটির সহসভাপতি মোতালেব প্রধান বলেন, জায়গাটি নিচু ও গর্ত থাকায় এলাকাবাসী প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বালু ভরাট করেছেন। পরবর্তীতে বাইরের একটি চক্র জায়গাটি লিজ নেওয়ার জন্য আবেদন করে। তিনি বলেন, ১২টি গ্রামের মানুষ ইতোমধ্যে সেখানে দুই ঈদের নামাজ আদায় করেছেন। বিষয়টি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যকে জানালে তিনি ঈদগাহ করার অনুমতি দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করতে বলেন।
৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ‘কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, দশের স্বার্থে আমরা এই জমিটি চাচ্ছি। ১২টি গ্রামের সাধারণ মানুষের প্রাণের দাবি রক্ষায় সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।’
আউলাদ মিয়া বলেন, ১০-১২টি সমাজের মানুষ যেন নির্বিঘ্নে ওই জায়গায় ঈদের নামাজ আদায় করতে পারে, সে জন্য স্থায়ী সমাধান প্রয়োজন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ঈদগাহের সভাপতি হাজী আফতাব উদ্দিন মোল্লা, সহসভাপতি মোতালেব প্রধান, ক্যাশিয়ার গাজী মোস্তফা, যুগ্ম সম্পাদক গাজী আনিসুল, সহসভাপতি গাজী শামসু, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে এলাকাবাসী ঈদগাহের ৩৬ শতাংশ জমি অন্য কারও নামে লিজ বা বরাদ্দ দেওয়ার উদ্যোগ বন্ধ করে ‘আল-মানার ঈদগাহ’-এর নামে স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।





































