১৫ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৫, ১৪ জুলাই ২০২৬

জনআস্থা অর্জনই নারায়ণগঞ্জ কলেজের বড় চ্যালেঞ্জ: এমপি আবুল কালাম

জনআস্থা অর্জনই নারায়ণগঞ্জ কলেজের বড় চ্যালেঞ্জ: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, সরকারি কলেজের সঙ্গে প্রতিযোগিতার বাস্তবতায় জনআস্থা অর্জনের মাধ্যমেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নারায়ণগঞ্জ কলেজকে এগিয়ে যেতে হবে।

সম্প্রতি নারায়ণগঞ্জ কলেজের নবগঠিত গভর্নিং বডির সদস্যরা সভাপতি সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নবী হোসেনের নেতৃত্বে এমপি আবুল কালামের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জ কলেজের আশপাশে সরকারি কলেজ রয়েছে। স্বাভাবিকভাবেই সরকারি কলেজের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। তাই বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে জনআস্থা অর্জনের মাধ্যমে কলেজটিকে এগিয়ে নিতে হবে। বেসরকারি কলেজ হিসেবে শহর, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করার সুযোগ রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, ১৯৮০ সালে তাঁর বাবা, তৎকালীন সংসদ সদস্য আলহাজ জালাল উদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ কলেজ প্রতিষ্ঠা করেন। অনেকেই কলেজটির নাম তাঁর বাবার নামে রাখার পরামর্শ দিলেও তিনি নারায়ণগঞ্জের নামকে প্রাধান্য দিয়ে কলেজটির নামকরণ করেন। এমপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনিও একই ধারা অনুসরণ করেছেন।

তিনি বলেন, কলেজ পরিচালনার দায়িত্ব স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমান গভর্নিং বডির নেতৃত্বে নারায়ণগঞ্জ কলেজ আরও সুনাম অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন এমপি আবুল কালামকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

২০২৬-২০২৮ মেয়াদের গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মাহবুবুল আলম, রহিমা শরীফ মায়া ও রফিকুল ইসলাম। দাতা সদস্য প্রবীর কুমার সাহা, হিতৈষী সদস্য আবুল কাউসার আশা, অভিভাবক প্রতিনিধি অধ্যাপক আবুল কালাম, মো. ইসমাইল হোসেন শেখ ও আমিনুর রহমান মিঠু। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মাহমুদা খাতুন, ড. সাবিত্রী রাণী দত্ত ও ফুয়াদ হাসান। পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা।

সাক্ষাৎকালে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সামসুন নূর বাঁধন এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ফয়সল আজিজ তুষারও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

আরও পরুন: