স্কুলে বসেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দেখলেন এমপি-প্রশাসক-ডিসি-এসপি
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে বসেই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
বুধবার (১৫ জুলাই) নারায়ণগঞ্জের দেওভোগ আদর্শ বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় পর্দায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান উপভোগ ও অংশগ্রহণের আয়োজন করা হয়। এতে এমপি, প্রশাসক, ডিসি, এসপিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।
এদিকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ নারায়ণগঞ্জ জেলা তিনটি ক্যাটাগরিতে গৌরবের অর্জন করেছে। শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা এবং শ্রেষ্ঠ কাব শিশু ক্যাটাগরিতে নারায়ণগঞ্জের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য অতিথি এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার ৫১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে ন্যূনতম তিনটি করে বৃক্ষরোপণ করা হয়।





































