২৯ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৪, ২৯ জুন ২০২৬

বন্দরে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১৩ বছরের হেফজ শিক্ষার্থী

বন্দরে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১৩ বছরের হেফজ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের বন্দরে একটি হাফেজিয়া মাদ্রাসা থেকে বের হওয়ার পর মো. নাঈম ইসলাম (১৩) নামে এক হেফজ বিভাগের শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত শনিবার (২৭ জুন) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, নাঈম ইসলাম দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মদনগঞ্জ টিক্কারমোড় এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছে। তার পিতা আব্দুস সাত্তার জানান, গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নাঈম মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এর আগে একবার মাদ্রাসার মুহতামিমের এক আত্মীয় ও তার এক বন্ধুর সঙ্গে বের হয়ে একদিন পর বাসায় ফিরেছিল। তবে এবার সে এখনো বাসা কিংবা মাদ্রাসায় ফিরে আসেনি।

তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় তারা মাদ্রাসায় গিয়ে নাঈমের খোঁজ নিলে জানতে পারেন, সে সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসা থেকে বের হয়েছিল। এরপর আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি জমির উদ্দিন বলেন, “নাঈম প্রায় তিন বছর ধরে এ মাদ্রাসায় অধ্যয়ন করছে। সে আবাসিক শিক্ষার্থী হিসেবে এখানেই থাকা-খাওয়া করত। বাড়ি কাছাকাছি হওয়ায় মাঝে মাঝে গোসলের জন্য বাসায় যেত। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার সকাল ১১টার দিকে সে এক বন্ধুর সঙ্গে মাদ্রাসা থেকে বের হয়। পরে ওই বন্ধু তাকে মদনগঞ্জ বকুলতলার দিকে যেতে দেখেছে। অনেক শিক্ষার্থী মাঝেমধ্যে বাসায় গিয়ে এক-দুই দিন পর ফিরে আসে। তবে পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় খোঁজ নেওয়ার পর জানা যায়, সে বাসায়ও যায়নি। এরপর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষও তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

নিখোঁজ হওয়ার সময় নাঈমের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি, কালো পায়জামা এবং মাথায় সাদা টুপি।

পরিবারের পক্ষ থেকে নাঈমের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়