২২ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৪, ২২ জুন ২০২৬

আওয়ামী লীগের কেউ নিষিদ্ধ কার্যক্রম করলে ছাড় নেই: সাখাওয়াত

আওয়ামী লীগের কেউ নিষিদ্ধ কার্যক্রম করলে ছাড় নেই: সাখাওয়াত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো নিষিদ্ধ কার্যক্রমে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে কড়াকড়িভাবে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার (২২ জুন) সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে মহানগর বিএনপির এক মিছিল শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ বা তাদের সহযোগী সংগঠনের কেউ যদি নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

দলীয় নেতা-কর্মীদের পাড়া-মহল্লায় সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, “পাড়া-মহল্লায় সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে নিষিদ্ধ সংগঠনগুলো কোনো মিছিল-সমাবেশ করতে না পারে। কেউ আইন অমান্য করে এমন কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।”

সাখাওয়াত আরও বলেন, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে এবং আইন অনুযায়ী দোষীদের সাজা ভোগ করতে হবে।

‎“আওয়ামী লীগ ৫ আগস্টের জুলাই বিপ্লবকে অগ্রাহ্য করে পুনরায় রাজনৈতিক কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীদের মাধ্যমে তারা রাষ্ট্র ও আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের জনগণ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না।”

‎তিনি বলেন, “আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা রয়েছে তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করতে হবে। অন্যথায় তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আইন লঙ্ঘন করে কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, শওকত হাশেম শকু, শাহিন আহমেদ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়