ফতুল্লায় নদী দূষণের দায়ে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় নদী দূষণের অভিযোগে একটি ডাইং কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২৪ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সস্তাপুর এলাকায় অবস্থিত তরল বর্জ্য উৎপন্নকারী ইটিপিবিহীন ‘আকবর ডাইং’ কারখানার বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটির বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ পাওয়ায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর ৭(৩) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নদী ও পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





































