আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মহানগর বিএনপির মিছিল
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে মিছিল করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২২ জুন) রাতে নগরীর বঙ্গবন্ধু সড়কে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মিছিল করেন সংগঠনের নেতারা।
মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে বেরিয়ে চাষাঢ়ায় জিয়া হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী নিষিদ্ধ কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেবার আহ্বানও জানান সাখাওয়াত।
তিনি বলেন, “আওয়ামী লীগ ৫ আগস্টের জুলাই বিপ্লবকে অগ্রাহ্য করে আবারও রাজনৈতিক কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা রাষ্ট্র ও আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের মানুষ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না।”
তিনি বলেন, “আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আইন অমান্য করে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।”
এদিকে, রাতে চাষাঢ়ায় অনুসারী নেতা-কর্মীদের নিয়ে পৃথক মিছিল বের করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
মিছিল থেকে নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের অবস্থান নিতেও নির্দেশনা দেওয়া হয়।





































