জনকল্যাণমুখী বাজেটের দাবিতে সিদ্ধিরগঞ্জে বাসদের মানববন্ধন
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল, জ্বালানি তেল, বিদ্যুৎ ও এলপি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বুধবার (২৪ জুন) বিকেল ৫টায় গোদনাইল চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সদস্য রুহুল আমীন সোহাগ। বক্তব্য দেন বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কমরেড আবু নাঈম খান বিপ্লব, বাসদের জেলা বর্ধিত ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ শাখার সদস্য সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পরিবর্তে ধনী ও করপোরেট গোষ্ঠীর স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে। উৎসে কর কমানোর মাধ্যমে ধনীদের সুবিধা দেওয়া হলেও ভ্যাটের পরিধি বাড়িয়ে সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের চাপ বৃদ্ধি করা হয়েছে।
তারা আরও বলেন, ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে মোট বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দেওয়ার কথা থাকলেও এ খাতে মাত্র ১৩ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। একইভাবে স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত না করায় জনগণের মৌলিক চাহিদা পূরণ ব্যাহত হবে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেল, বিদ্যুৎ ও এলপি গ্যাসের বাড়তি দাম সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। তারা জনগণের স্বার্থবিরোধী সব অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং জ্বালানি ও বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তারা জনগণের অধিকার ও গণতান্ত্রিক দাবির পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।





































