২৪ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৪, ২৪ জুন ২০২৬

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৭ লাখ টাকা বিতরণ

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৭ লাখ টাকা বিতরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১৭ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চান।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাবেক যুবদল নেতা হারুন-অর-রশিদ মিঠুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি রোগীদের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সর্বশেষ

জনপ্রিয়