১৮ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৫, ১৮ জুন ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সাখাওয়াতের

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান সাখাওয়াতের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে স্কুলভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অতিথিরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ি-ঘর ও আঙিনার কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে এবং পরিবারের সদস্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।

তিনি বলেন, মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ডেঙ্গুবাহী মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব ফুলহাতা পোশাক পরতে হবে। ডাবের খোসা, টব বা বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে অল্প সময়েই মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই বাসাবাড়ির আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, শ্রেণিকক্ষ ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা প্রত্যেকের দায়িত্ব। নিজের কাজ নিজে করতে শেখা গর্বের বিষয়। মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠারও আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে নাসিক প্রশাসক শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরে তিনি বিদ্যালয়ের লাইব্রেরি ও ছাদবাগান পরিদর্শন করেন।

এর আগে স্বাগত বক্তব্য দেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর কুতুবুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম মাসুদ, শিক্ষক-শিক্ষার্থী এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়