১৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১১, ১৭ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ১২ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ১২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার তিন আসামিসহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫০টি ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন, সামারি ট্রায়ালে অভিযুক্ত দুজন, ডাকাতির প্রস্তুতির মামলায় তিনজন, অন্য মামলায় একজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন রয়েছেন।

মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোদনাইল চিত্তরঞ্জন এলাকার মো. ওয়াসিম (৩৭), মাঝিপাড়া এলাকার মো. মিঠুন হোসেন (২৭) ও শিমরাইল টেকপাড়া এলাকার মো. নাজিম (৩৩)।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সিদ্ধিরগঞ্জের বাঘমাড়া এলাকার মো. জীবন মোল্লা (২৫) ও হিরাঝিল এলাকার নিজাম উদ্দিন শাহিন (৩৯)।

সামারি ট্রায়ালে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন আদমজী এলাকার মো. শান্ত (২৬) ও সুমিলপাড়া বিহারি ক্যাম্প এলাকার আমিন (২০)।

এ ছাড়া ডাকাতির প্রস্তুতির মামলায় মো. শুভ (২৫), ইমন (২৭) ও নাজমুল (২৪) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য মামলায় রহমতনগর এলাকার মো. সোহেল হোসেন (২৮) এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সানারপাড় এলাকার মো. ফয়সাল মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ১২ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়