১৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৪, ১৬ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে লাইসেন্স নবায়ন হয়নি ১৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের

আড়াইহাজারে লাইসেন্স নবায়ন হয়নি ১৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের মধ্যে ১৫টির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্সের সর্বশেষ নবায়নের বছর ২০২০-২১ থেকে ২০২৪-২৫ পর্যন্ত উল্লেখ রয়েছে।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তালিকা অনুযায়ী, আড়াইহাজারে ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং চারটি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান রয়েছে। তালিকায় ১৫টি প্রতিষ্ঠানের লাইসেন্সের সর্বশেষ নবায়নের বছর ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ উল্লেখ করা হয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ আর কার্যকর নেই। 

এদিকে গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক বা সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সিভিল সার্জন কার্যালয়ের তালিকায় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হিসেবে উল্লেখ রয়েছে—এ টু জেড ডিজিটাল হাসপাতাল (সর্বশেষ নবায়ন ২০২৩-২৪), আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার (২০২০-২১), মা ও শিশু হসপিটাল (২০২১-২২), সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২৪), ফয়সাল হসপিটাল (২০২৩-২৪), হাজী আব্দুল মালেক প্রধান মডার্ন হাসপাতাল (২০২২-২৩), জনসেবা হাসপাতাল অ্যান্ড ল্যাব (২০২২-২৩), নুরজাহান হাসপাতাল (২০২৩-২৪), পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২৪), প্রবাসী হাসপাতাল (২০২৪-২৫) এবং কনফিডেন্ট মেডিক্যাল সেন্টার (২০২৩-২৪)। এ ছাড়া আড়াইহাজার পপুলার হাসপাতাল ও আড়াইহাজার ইসলামিয়া কেয়ার হাসপাতালের নামও তালিকায় রয়েছে। 

অন্যদিকে, তালিকার বাইরে আড়াইহাজার উপজেলা এলাকায় পরিচালিত প্রবাসী কল্যাণ হাসপাতালের কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলার অভিযোগও সামনে আসে।

গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয় এ হাসপাতালে। পরিবারের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরিফুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রতিটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং সরকারি বিধিবিধান প্রতিপালনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। 

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেন, জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধিবিধান মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, প্রযোজ্য অনুমোদন বা ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

সর্বশেষ

জনপ্রিয়