১৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:০৯, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:১০, ১৭ নভেম্বর ২০২৬

বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ করার আশ্বাস আশার

বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ করার আশ্বাস আশার

নারায়ণগঞ্জের বন্দরে শতবর্ষী বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুপেয় পানির ব্যবস্থা ও প্রাথমিক শাখার ভবনের বাউন্ডারি নির্মাণের আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বন্দরের বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের আনন্দ ও মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আবুল কাউসার আশা বলেন, “সরকারিকরণ তো একটি প্রক্রিয়ার বিষয়। ইতোমধ্যে এমপি সাহেবের ডিও লেটার দেওয়া হয়ে গেছে। যেহেতু এটি শতবর্ষী একটি স্কুল, ইনশাআল্লাহ, এটি জাতীয়করণ হয়ে যাবে। পানি আমাদের জীবন। এখানে ছোট ভাইয়েরা আছেন, সন্তানতুল্য শিক্ষার্থীরা আছেন। আপনাদের সুপেয় পানির প্রয়োজন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অল্প সময়ের মধ্যে এর ব্যবস্থা করব।”

তিনি আরও বলেন, “স্কুলের প্রাথমিক শাখার ম্যাডাম যখন বক্তব্যে বাউন্ডারি চেয়েছেন, তখনই ফোনে কথা বলছিলাম। ইনশাআল্লাহ, আগামীকালের মধ্যে বার্তা পৌঁছে দেব, কত দিনের মধ্যে বাউন্ডারি নির্মাণকাজ শুরু করতে পারব। আমার কাছে যা চেয়েছেন, তার উত্তর দিয়েছি।”

শিক্ষার্থীদের ভালো ফলাফলের ওপর গুরুত্ব দিয়ে আবুল কাউসার আশা বলেন, “এখন স্কুল ও শিক্ষার্থীদের কাছে আমাদের চাওয়া রয়েছে। এই স্কুলটি প্রাচীন ও সুনামধন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হবে। অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে আমরা আসতে আসতে এগিয়েছি। এগুলো থেকে বের হয়ে আসতে হবে।”

তিনি বলেন, “শুধু এসএসসি পরীক্ষার ফলাফল নয়, ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত শিক্ষার্থীদের ফলাফলের দিকে নজর দিতে হবে। গভর্নিং বডি ও শিক্ষকদের শক্ত হতে হবে। কোনো ফেল করা শিক্ষার্থী যেন পরবর্তী শ্রেণিতে না যায়, সেই জায়গায় কঠোর হতে হবে। তবে বাচ্চাদের ওপর চাপ সৃষ্টি করবেন না।”

ভর্তি কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “নতুন বছরের শুরু থেকেই এই উদ্যোগ নিন। যারা পড়তে চাইবে, তারা ভর্তি হবে; যারা চাইবে না, তারা ভর্তি হবে না। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া উচিত। দেখবেন, বিএম স্কুলের সামনে লাইন ধরে অভিভাবকরা তাঁদের সন্তানদের ভর্তি করাতে আসবেন। তাই শিক্ষার্থীদের কাছে আমার চাওয়া  আপনারা ঠিকমতো লেখাপড়া করবেন তো?”

শিক্ষার্থীদের উদ্দেশে আবুল কাউসার আশা আরও বলেন, “একমাত্র লেখাপড়ার ক্ষেত্রে চুরি-ডাকাতি করার সুযোগ নেই। টাকা-পয়সা ও সম্পত্তি ছিনিয়ে নিতে পারবে, কিন্তু আপনার মেধা ও লেখাপড়া কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি এমন একটি জিনিস চেয়েছি, যা আপনাদের কাছে থাকবে। শিক্ষার্থীরা যদি ভালো ফলাফল করতে পারে, তাহলে স্কুলের জাতীয়করণ, সুপেয় পানির ব্যবস্থা ও বাউন্ডারিসহ সবকিছু করা সম্ভব হবে।”

বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাজহারুল আলম খান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, সদস্যসচিব ও অধ্যক্ষ মো. আজিজুর রহমান, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ ও সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানে বক্তব্য শেষে আবুল কাউসার আশা ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন।

সর্বশেষ

জনপ্রিয়