১৫ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪০, ১৪ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মনিটরিং সেলের দাবি মাসুমের

আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে মনিটরিং সেলের দাবি মাসুমের

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে শক্তিশালী মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় একের পর এক সিদ্ধান্ত নেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন নিয়ে জবাবদিহি নেই।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সংগঠনটির দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক কিশোর গ্যাং ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জকে খুন, সন্ত্রাস ও মাদকের শহর হিসেবে নেতিবাচকভাবে দেখা হয়। কিছু গডফাদার নারায়ণগঞ্জের পরিবেশ এমনভাবে দূষিত করেছেন যে, জেলার বাইরে পরিচয় দিলেও মানুষ বিপজ্জনক জায়গা হিসেবে নারায়ণগঞ্জকে বিবেচনা করে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তিনি প্রায় ছয় বছর এ কমিটির সদস্য ছিলেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি থাকার সময়ও সভাগুলোতে অংশ নিয়েছেন। সেখানে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলেও সেগুলোর বাস্তবায়ন হয় না। পরবর্তী সভায় আগের সিদ্ধান্তগুলোর অগ্রগতি বা বাস্তবায়ন না হওয়ার কারণ জানতে চাওয়ারও নজির নেই।

তিনি বলেন, আইনশৃঙ্খলা কমিটির কাঠামো ঠিক রেখেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করা প্রয়োজন। ১০টি সিদ্ধান্তের মধ্যে অন্তত দুটি বাস্তবায়ন হলেও অগ্রগতি হবে। কিন্তু সিদ্ধান্ত নিয়ে তা ফেলে রাখলে পরিস্থিতির পরিবর্তন হবে না।

সাত খুন মামলার বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার আট থেকে নয় বছর পেরিয়ে গেলেও আপিলের শুনানি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। আগামী ১৭ বা ১৮ নভেম্বর শুনানি হবে কি না, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে মাদকের বড় চালান ও ব্যবসা সম্পর্কে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কিছুই জানা নেই- এমনটি বিশ্বাস করার কারণ নেই। ৫ আগস্টের পরও প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপের কারণে পুলিশ তদন্ত ও আইনগত ব্যবস্থা নিতে বাধার মুখে পড়ছে বলেও অভিযোগ করেন।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনের ওপর খবরদারি বন্ধ করতে হবে। প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অন্যথায় নাগরিকেরা একসময় এসব হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেবেন।

নারায়ণগঞ্জের পরিবেশ ও নদী রক্ষার বিষয়েও উদ্বেগ জানান তিনি। তার আশঙ্কা, শীতলক্ষ্যা নদীর তীরে বন্দর বা সরকারি প্রকল্প বাস্তবায়নের নামে নদীটির অস্তিত্ব আরও বিপন্ন হতে পারে। এ পরিস্থিতিতে নাগরিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে দলীয় বিভাজনের বাইরে এসে নারায়ণগঞ্জের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জে যত দিন কেউ বসবাস করবেন, তত দিন তিনি এ জেলারই মানুষ। তাই জেলার উন্নয়ন, শান্তি ও নাগরিক সমস্যা সমাধানে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়