জেলা টাইলস দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
নারায়ণগঞ্জ জেলা টাইলস দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ হোসেন। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান ও আহমেদুর রহমান তনু এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান।
এ ছাড়া নির্বাচন কমিশনার আরফান উদ্দিন ও খাজা মো. হামিদ উল্লাহ, নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেলের প্রার্থী এবং সমিতির সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক নেতারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। পাশাপাশি সমিতির পরিধি বাড়ানোর প্রস্তাব দেন এবং কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল আক্তার সোহান বলেন, নগর উন্নয়নে ভবন নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে টাইলস ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ চেম্বার সব সময় পাশে থাকবে।
চেম্বারের অপর পরিচালক আহমেদুর রহমান তনু বলেন, নগর উন্নয়নের সঙ্গে সঙ্গে ব্যবসার পরিধিও বাড়ছে। তাই সব টাইলস ব্যবসায়ীকে সমিতির অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, নির্বাচনকালীন সময়ে বিভিন্ন বিষয়ে অপপ্রচার করা হয়। এ কারণে প্রশাসনকে সব সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থা নিতে হয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে স্বাগত জানান।
*নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি মো. লোকমান আহমেদ, সহসভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মো. আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী মো. জাকির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আল-মামুন মোল্লা, প্রচার সম্পাদক মো. কাউসার হোসেন টিটু, কোষাধ্যক্ষ গোলাম রাজীব হায়দার সুমন এবং ধর্ম, ক্রীড়া ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. রিপন হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি মো. লোকমান আহমেদ বলেন, নির্বাচনে হার-জিত থাকবেই। তবে সবাইকে সঙ্গে নিয়ে সমিতির উন্নয়নে কাজ করতে চান তিনি। এ জন্য সমিতির কার্যক্রম পরিচালনায় সব সদস্যের সহযোগিতা কামনা করেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. ইউসুফ হোসেনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





































