১৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ১২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় অ্যাজমা চিকিৎসার নতুন নির্দেশনা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

ফতুল্লায় অ্যাজমা চিকিৎসার নতুন নির্দেশনা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হাঁপানি বা অ্যাজমা চিকিৎসার সর্বশেষ আন্তর্জাতিক নির্দেশনা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় ফতুল্লা ডক্টরস সোসাইটির (এফডিএস) উদ্যোগে সাইনবোর্ড এলাকার গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল ‘গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা (GINA) ২০২৬-এর নতুন নির্দেশনা ও সংযোজনসমূহ’।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. আবদুন নূর সায়েম। তিনি অ্যাজমা রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসাপদ্ধতিতে আন্তর্জাতিক নির্দেশনার সর্বশেষ পরিবর্তন এবং নতুন দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

ফতুল্লা ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এম. এ. সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আরশাদের সঞ্চালনায় সেমিনারে স্থানীয় চিকিৎসকেরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ও সংগঠনের উপদেষ্টা ডা. আলী আশরাফ খান বলেন, ‘একটি সংগঠন সুসংগঠিত থাকলে বৃহত্তর যেকোনো কাজকেও সহজ করা যায়। চিকিৎসা একটি মহান পেশা; মানুষের সেবা ও কল্যাণে কাজ করার মাধ্যমেই স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব।’

সেমিনারে চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈজ্ঞানিক সেমিনারটির সার্বিক সহযোগিতায় ছিল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

সর্বশেষ

জনপ্রিয়