১২ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০০, ১২ নভেম্বর ২০২৬

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ জানান দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জেলা এনসিপির সভাপতি জুবায়ের সরদার বলেন, “গোটা বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন তাদের পুরোনো ফ্যাসিবাদী তন্ত্রকে আবারও প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তারা জনগণের আস্থা অর্জনের মিথ্যা চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ ভুলে যায়নি তারা কীভাবে সারা দেশে জ্বালাও-পোড়াও এবং অগ্নিসংযোগ চালিয়েছে। আমাদের নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ তারই একটি দৃষ্টান্ত। বর্তমান সরকারকে আমরা স্পষ্ট বলতে চাই, জুলাইয়ের অভ্যুত্থানের শক্তির সাথে বেঈমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। যদি সরকার বা কোনো পক্ষ এই পতিত স্বৈরাচারকে ছাড় দেয়, তবে ছাত্র-জনতা তা কোনোভাবেই মেনে নেবে না।”

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান বলেন, “আওয়ামী লীগ স্লোগান দেয়— ‘লীগ আসবে, খুনি হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। আমি এই বক্তব্যকে সমর্থন করি; আমিও মনে করি হাসিনা দেশে আসবে এবং বাংলাদেশ হাসবে। কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়েছে, যে ঘোষণায় সারা দেশের মানুষ হেসেছিল। আমরা ছাত্র-জনতা ও আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে সেই রায় কার্যকর করে খুনি হাসিনাকে ফাঁসির কাঠে ঝোলাব, এবং তখনই প্রকৃত অর্থে হাসিনা দেশে আসবে আর বাংলাদেশ হাসবে।”

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সম্প্রতি বিভিন্ন স্থানে সমন্বয়কদের ওপর হামলা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে এসব তৎপরতার যোগসূত্র রয়েছে বলে দাবি করেন তাঁরা।

জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের সদস্যসচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্যসচিব সারফারাজ হক সজিব, জেলা যুবশক্তির সাংগঠনিক সম্পাদক নূর জামাল হাসান, মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম।

এ সময় মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ জেলা ও মহানগর এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়