আনন্দ-উৎসবে পদ্ম সিটি প্লাজায় শ্যামা প্রতিমা বিসর্জন
প্রথমবারের মতো নারায়ণগঞ্জের টানবাজারে পদ্ম সিটি প্লাজা-২-এর দক্ষিণ প্রান্তের ফ্ল্যাট মালিকদের উদ্যোগে আয়োজিত শ্রীশ্রী শ্যামাপূজা পাঁচ দিনব্যাপী নানা অনুষ্ঠান ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
পূজা কমিটির প্রধান তাপস সাহার তত্ত্বাবধানে এবং সবার সহযোগিতায় আয়োজিত এ উৎসবে ৪৮টি ফ্ল্যাটের প্রায় ২০০ বাসিন্দা ও ভক্ত অংশ নেন।
পাঁচ দিনব্যাপী আয়োজনে প্রতিদিন শ্যামা মায়ের ভক্তিমূলক গান, শিশুদের সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবের শেষ দিন বুধবার (১১ নভেম্বর) রাতে পদ্ম সিটি প্লাজা এলাকায় প্রতিমা বিসর্জনের আগে নারী-পুরুষ ভক্তরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। পরে প্রতিমা নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে শীতলক্ষ্যা নদীতে শ্যামা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।





































